
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ঐতিহাসিক বিপ্লব উদ্যানকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এই উদ্যানকে কেন্দ্র করে নেওয়া বহুমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ ও বৃহৎ জাতীয় পতাকা স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিপ্লব উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র এই পরিকল্পনার কথা জানান। পরিদর্শনের সময় তিনি প্রকল্পের চলমান কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো ও সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
মেয়র শাহাদাত হোসেন জানান, এখানে যে জাতীয় পতাকাটি স্থাপন করা হবে, তার দৈর্ঘ্য হবে ২২৫ ফুট এবং প্রস্থ হবে ৯০ ফুট। পতাকা স্থাপনের পাশাপাশি এর নিচে উদ্যানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হবে। বিশেষ করে, ‘উই রিভোল্ট’ (We Revolt) শব্দগুচ্ছ এবং এর নিচে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম খোদাই করে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটি নতুন প্রজন্মের কাছে পরিচিত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাসের সাথে বিপ্লব উদ্যানের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ‘উই রিভোল্ট’-এর মাধ্যমে মুক্তিযুদ্ধের যে সূচনা হয়েছিল, সেই স্মৃতিকে ধরে রাখাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নতুন প্রজন্ম যাতে এই উদ্যানের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য সম্পর্কে মেয়র বলেন, কেবল বিনোদন নয়, ইতিহাস এবং নাগরিক সুবিধার সমন্বয় ঘটানোই আমাদের পরিকল্পনা। ব্যস্ততম এই শহরের মানুষের জন্য উদ্যানটি একটি সুন্দর ও নির্মল পরিবেশ তৈরি করবে। শিশু-কিশোর ও বয়স্ক মানুষসহ নগরবাসীর জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সময় কাটানোর স্থান হিসেবে এটিকে গড়ে তোলা হচ্ছে।
শহরের উন্মুক্ত স্থান সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, নগরায়ণের ফলে নগরীর উন্মুক্ত জায়গা দিন দিন কমে আসছে। নাগরিকদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য এই ধরনের উদ্যানগুলো রক্ষণাবেক্ষণ করা সিটি করপোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব। বিপ্লব উদ্যানের আধুনিকায়ন সেই বৃহত্তর অগ্রাধিকারেরই একটি অংশ।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সচেষ্ট হতে হবে। বিপ্লব উদ্যানের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলে তা একদিকে যেমন নাগরিক বিনোদনের চাহিদা মেটাবে, তেমনি ইতিহাস সংরক্ষণের দায়িত্বও পালন করবে। পরিদর্শনের সময় চসিকের ঊর্ধ্বতন প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।