
ভারত-বাংলাদেশ সম্পর্কে সাময়িক মেঘ বা ঝড় এলেও দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম জে আকবর বলেন, দুই দেশের সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। তবে সমস্যা সমাধানে সবসময় শুধু কী সম্ভব, তা নিয়ে ভাবলেই হবে না; বরং কেন কোনো কিছু অসম্ভব নয়, সেই প্রশ্নও করতে হবে। তার মতে, এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে।
বাংলাদেশ ও ভারতকে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপরিচয়ের মূল ভিত্তি হলো ভাষা। বাংলা ভাষার শক্তি ও সাংস্কৃতিক পরিচয়ই বাংলাদেশকে অন্যদের থেকে আলাদা করেছে।
সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো দেশের সার্বভৌমত্বকে সম্মান না করা হলে বিশ্ব আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হতে পারে। বর্তমান বিশ্বের যুদ্ধ ও সংঘাত প্রসঙ্গে এম জে আকবর বলেন, কোনো যুদ্ধকে অবৈধ বলার আগে এর উৎস ও পটভূমি খুঁজে দেখা জরুরি। বিংশ শতাব্দীকে তিনটি বিশ্বযুদ্ধের শতাব্দী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ঠান্ডা যুদ্ধকেও এক ধরনের বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায়।
তিনি আরও বলেন, ইউরোপে ঠান্ডা যুদ্ধ থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব মোটেও ঠান্ডা ছিল না। এসব সংঘাতকে বিশ্বযুদ্ধ বলা হয়েছিল এ কারণে নয় যে পুরো পৃথিবী সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল, বরং বিশ্বের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তি ও সাম্রাজ্যগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল। একবিংশ শতাব্দীর যুদ্ধের ধরন আগের চেয়ে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এখনকার সংঘাতকে একক বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায় না; বরং বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে সংঘাত শুরু হয় এবং থেমে যায়, তবে তা পুরোপুরি শেষ হয় না।