
বাংলাদেশের পুঁজিবাজারকে ‘রেসকিউ ও স্যালভেজ অপারেশনের’ মাধ্যমে পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী এক বছরের মধ্যেই পুঁজিবাজারের চেহারা বদলে যাবে।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থায়ন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে, যা থেকে বেরিয়ে আসতে সরকার প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। তিনি জানান, ব্যাংকনির্ভর অর্থায়ন ব্যবস্থার পরিবর্তে পুঁজিবাজার ও বন্ড মার্কেটসহ বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে অর্থায়নের নতুন কাঠামো গড়ে তোলা হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের নির্ভরযোগ্য জায়গা হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ নয়, বরং বিকল্প অর্থায়নের প্রধান পথ হিসেবে গড়ে তুলতে হবে।
পুঁজিবাজার পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইডিআরএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং আর্থিক প্রতিবেদনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান আমির খসরু। তিনি বলেন, এতদিন প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে কাজ করলেও এখন পুরো আর্থিক ব্যবস্থাকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া তিনি ব্রোকার, স্টক এক্সচেঞ্জ ও কেন্দ্রীয় ডিপোজিটরিগুলোর স্বচ্ছতা ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপরও জোর দেন।
দেশের আর্থিক স্থাপত্যে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে নিজস্ব বাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। এর অংশ হিসেবে নিউইয়র্কে ডলার বন্ড, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইকুইটি ফান্ড, পাণ্ডা বন্ড ও সামুরাই বন্ডসহ বিভিন্ন অর্থায়ন ব্যবস্থা নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানি জানান, গত চার মাসে ফ্লোর প্রাইস তুলে দেওয়া, আইপিও অনুমোদনের সময় ১৮ মাস থেকে তিন মাসে নামিয়ে আনা এবং সরাসরি তালিকাভুক্তির নিয়ম পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, আইপিওতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ এবং ব্রোকারদের ব্যাক অফিস সফটওয়্যার একীভূত করার মতো ডিজিটালাইজেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া পুঁজিবাজার ট্রাইব্যুনাল কার্যকর করতে আইন সংশোধনের কাজও চলছে বলে জানান তিনি।