
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী দেশটিতে হুথিদের অবস্থান লক্ষ্য করে গত কয়েক দিনে ব্যাপক সামরিক অভিযান চালানোর দাবি করেছে। সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৭ শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছে। নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সরকারপন্থি বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হলো।
সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি শনিবার জানান, গত কয়েক দিনে হুথিদের সামরিক তৎপরতা ও সক্ষমতা লক্ষ্য করে ২৫৭টি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে সরকারি বাহিনীর নিজস্ব ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কোনো তথ্য প্রদান করেননি। হুথিদের পক্ষ থেকেও হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
কর্নেল আল-নাজিলি জানান, সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বায়দা ও লাহিজের বিভিন্ন ফ্রন্টে এই অভিযানগুলো চালানো হয়েছে। বর্তমানে তাইজ এলাকাটি সংঘাতের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে এবং সেখানে সবচেয়ে তীব্র লড়াই চলছে। এর আগের দিন সরকারি বাহিনী দাবি করেছিল যে, ২৪ ঘণ্টায় প্রায় ৫০০টি সামরিক অভিযানে ১ হাজার ৫৪০ হুথি যোদ্ধা হয় নিহত অথবা আহত হয়েছে।
তাইজ শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতের মধ্যে বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। ধুবাব এলাকায় একটি আবাসিক এলাকায় গোলার টুকরার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইয়েমেনি কর্তৃপক্ষ তাইজের আল-হুবান ক্রসিং বন্ধ করে দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি হুথিদের নিয়ন্ত্রিত আল-হুবান এলাকার সঙ্গে সরকারি নিয়ন্ত্রণাধীন তাইজ শহরকে যুক্ত করে। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, হুথি যোদ্ধাদের শহরে প্রবেশের প্রচেষ্টা এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মানবিক কারণে ২০২৪ সালে খুলে দেওয়ার আগে এই ক্রসিংটি টানা নয় বছর বন্ধ ছিল। এছাড়া তীব্র লড়াইয়ের পর তাইজের দক্ষিণ-পূর্বাঞ্চলের সামা দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সরকারি বাহিনী।