
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে যাওয়ার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত পাঁচজনকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। নিহতদের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে থানচি থানা পুলিশকে ইতোমধ্যে জানানো হয়েছে এবং এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।