
রাশিয়ার সাইবেরিয়ার ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সি এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই গবেষকের নাম দারিয়া শিপিলোভা। শেলেখোভের একটি অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত থাকাকালীন দুর্ঘটনাবশত একটি ভাঙা টেস্টটিউব থেকে অত্যন্ত সংক্রামক নিউমোনিক প্লেগে তিনি আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াবাহী একটি টেস্টটিউব ভেঙে ফেলার কথা তিনি নিজেই চিকিৎসকদের জানিয়েছিলেন। গত ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তাকে শেলেখোভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ১ অক্টোবর তিনি মারা যান।
এই ঘটনার পর ইারকুতস্ক অঞ্চলে সব ধরনের জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মৃত গবেষকের সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে এরই মধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইারকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, জরুরি প্রতিরোধ ব্যবস্থা সমন্বয় করতে কনজুমার সেফটি ওয়াচডগ ‘রোস্পোট্রেবনাতজর’-এর প্রধানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারা পূর্ণাঙ্গ মাত্রায় মহামারি প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করছেন।
গভর্নর কোবজেভ জানান, রোগীর নমুনা থেকে তার পেশাগত কাজের সঙ্গে জড়িত কোনো ক্ষতিকর জীবাণু পাওয়া যায়নি। গত ১০ দিনে ওই ইনস্টিটিউটের কোনো কর্মীর মধ্যে সংক্রামক রোগের লক্ষণ দেখা যায়নি। রোগীর সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে প্রতিদিন ল্যাব টেস্টসহ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে বুরিয়াতিন অঞ্চলের গভর্নর আলেক্সি সিদভ জানিয়েছেন, ইারকুতস্ক অঞ্চলে প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও তার অঞ্চলে কোনো প্রাদুর্ভাব নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ অত্যন্ত বিপজ্জনক এবং সময়মতো চিকিৎসা না করালে এটি মারাত্মক হতে পারে। সংক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই এর লক্ষণ দেখা দিতে পারে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এই রোগ অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে। তবে লক্ষণ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।