
চট্টগ্রাম নগরীর সরাইপাড়া এলাকা থেকে গত ৩ অক্টোবর রাতে এক বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশ’র তরুণ স্বেচ্ছাসেবী কর্মীরা। চার ফুট দৈর্ঘ্যের এই সাপটি লোহার জালে জড়িয়ে পড়ার কারণে শরীরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছিল। উদ্ধারের পরপরই সেটিকে চিকিৎসার জন্য নগরীর বহদ্দারহাটের এভারকিউর ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ ঘণ্টার চেষ্টায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। উদ্ধারের পর ৩ ঘণ্টা সময় নিয়ে সার্জনরা অস্ত্রোপচারটি করেন। সাপটিকে লোহার নেটে জড়িয়ে আহত অবস্থায় পেয়েছিলেন তারা। এরপর উদ্ধার করে নিয়ে যান এভারকিউরে।
সাপটির শারীরিক অবস্থা পর্যালোচনার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৪ অক্টোবর রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। অস্ত্রোপচার দলে ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ রাসেল, ডা. বোরহান উদ্দীন মো. সাজ্জাদ, ডা. জহির উদ্দীন ফয়সাল এবং ডা. সাদ্দাম হোসাইন। সার্জন ডা. মোহাম্মদ রাসেল জানান, সাপটির মাংসপেশিতে ক্ষত এতই গভীর ছিল যে তা হাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ছিল স্বাভাবিক।
অস্ত্রোপচারের পর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বুধবার (৭ অক্টোবর) ডা. মোহাম্মদ রাসেল জানান, সাপটির ক্ষতস্থান ধীরে ধীরে শুকিয়ে আসছে এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এখন সাপটি অনেকটাই সুস্থ আছে। পুরোপুরি সেরে ওঠার পর সেটিকে বন্য পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। আরেকটু সুস্থ হলে বনে অবমুক্ত করে দেওয়ার জন্য হস্তান্তর করা হবে।