
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রোলিং মিলে ভয়াবহ চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধ শ্রমিকদের নাম সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। ঘটনার পরপরই তাঁদের স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সজীব সরকারের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া রুবেলের শরীরের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুল্লি থেকে গরম লোহা নিচে পড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।