
ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিনে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে চট্টগ্রামের পটিয়ায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা 'মাতৃকালয়'-এর উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) পশ্চিম হাইদগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে প্রান্তিক পর্যায়ের অসংখ্য নারী ও পুরুষ ক্যান্সার সচেতনতার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসমস্যা নিয়ে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ব্যক্তিদের ক্যান্সারের ঝুঁকির কারণ, রোগ শনাক্তকরণ পদ্ধতি এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এভারকেয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডা. সাজিদ কুমার দাশ পুরুষের ফুসফুস ও মুখগহ্বরের ক্যান্সারের ভয়াবহতা ও লক্ষণগুলো নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন ডা. শতদ্রু ভাওয়াল। স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা রোগীদের তাৎক্ষণিক পরামর্শও প্রদান করা হয়।
মাতৃকালয়ের নির্বাহী সদস্য শুভাশীষ দাশের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, স্কুল কমিটির সহসভাপতি এস এম মোহাম্মদুল হক (মাস্টার), সমাজকর্মী শাহরিয়ার মো. ওমায়ের এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেলাল হোসেন। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন সংগঠনটির উপদেষ্টা দেবাশীষ দাশ এবং সহযোগিতায় ছিলেন সমাজকর্মী শৈবাল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন মাতৃকালয়ের সমন্বয়ক অনির্বাণ ভট্টাচার্য্য।
আয়োজকরা জানান, মাতৃকালয় নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে থাকে। জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যেই মূলত এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। ক্যান্সারের ক্ষেত্রে সময়মতো রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা গ্রহণের কোনো বিকল্প নেই। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা।