
পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনা বিশ্বের সকল মুসলমানের জন্য ঐক্যের প্রতীক। এটি কেবল সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়, বরং এর সঙ্গে আমাদের আবেগ জড়িত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি আসলে নিশ্চুপ থাকবে না এবং অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
এর আগে তিনি বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে হুতি-সৌদি সংঘাত ও জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এখনও মক্কা জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরেই কেবল সৈন্য পাঠানোর বিষয়টি সামনে আসতে পারে। তিনি আরও বলেন, সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ একাত্মতা প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের পাশে আছে এবং এই হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো অসুবিধা দেখছেন না এবং জ্বালানি প্রতিমন্ত্রী সৌদি আরবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়, সারা বিশ্বেই পড়বে। এছাড়া, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন। হামলায় ২৪ জনেরও বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন আইসিইউতে আছেন বলে তিনি জানান।