
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই সংক্রান্ত প্রশাসনের বিজ্ঞপ্তিকে ঘিরে চলমান বিতর্ক ও প্রতিবাদের মধ্যেই আগামী শুক্রবারের গরুভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় যে, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা 'জবিয়ানদের গরু ভোজ কর্মসূচি' আয়োজনের ঘোষণা দেন। বৃহস্পতিবার জানানো হয়, ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে এবং নিবন্ধনের জন্য একটি গুগল ফর্মের লিংকও প্রকাশ করা হয়েছে।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। জকসু নেতাদের চার দফা দাবির মধ্যে রয়েছে বিজ্ঞপ্তি প্রত্যাহার, নৈশভোজের ঘটনাকে সাম্প্রদায়িক উসকানিতে রূপ দেওয়ার অভিযোগ তদন্ত, ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংসের ব্যবস্থা করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টরের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. আজম খান জানিয়েছিলেন, যথাযথ অনুমতি সাপেক্ষে মার্জিত ও সুশৃঙ্খলভাবে গরুভোজ কর্মসূচি আয়োজন করা হলে প্রশাসনের কোনো আপত্তি থাকবে না।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত