
রাঙামাটির রাজস্থলী উপজেলায় দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার মোট পাঁচটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে, যার মধ্যে চারটি সার্বজনীন এবং একটি পারিবারিক পূজামণ্ডপ। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা একটি বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জিকু কুমার দে।
উপজেলার যে পাঁচটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—রাজস্থলী বাজারের শ্রী শ্রী হরি মন্দির, বাঙ্গালহালিয়া বাজার এলাকার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির, ছাগল খাইয়া সার্বজনীন কৃষ্ণ মন্দির, কুতুরিয়া পাড়া শিব মন্দির এবং কুতুরিয়া পাড়া পারিবারিক পূজামণ্ডপ। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন, বরাবরের মতো এবারও বিজয়া দশমীতে আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্যে কর্ণফুলী নদীতে নৌ র্যালির মাধ্যমে এবং বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির ও রাজস্থলী বাজার হরিমন্দিরের পুকুরে প্রতিমা বিসর্জনের পরিকল্পনা রয়েছে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ এবং নারী ও পুরুষ আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি উপজেলা বিএনপির উদ্যোগে একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন এবং চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ জানান, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত জানিয়েছেন, পূজার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই সেনা সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন। এছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাবেকুর নাহার জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত