
নড়াইলের কালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও ধুতি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধুতি দেওয়া হয়। পাশাপাশি মন্দির সংশ্লিষ্ট নারী এবং এলাকার আর্থিকভাবে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় নারীদের জন্য এসব শাড়ি সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়া নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব ব্যবস্থাপনায় উপজেলার ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধুতি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির। এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এসব সহায়তা দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত