
চট্টগ্রামের হাটহাজারী বাজারে নকল স্বর্ণের প্রলোভন দেখিয়ে এক নারীর প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। রোববার (২৫ অক্টোবর) দুপুরে হাটহাজারী বাজারের ত্রিবেণী মিষ্টি ভান্ডার মোড়ে অবস্থিত নুরজাহান বেকারির সামনে এ ঘটনা ঘটে। অথচ অপরাধ সংঘটনের এই স্থানটি হাটহাজারী মডেল থানা থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত। ভুক্তভোগী খালেদা বেগমের বাড়ি হাটহাজারী পৌরসভার মীরেরহাট আলমপুর গ্রামে। খালেদার (৫৫) বাড়ি উপজেলার পৌরসভা এলাকার মীরেরহাট আলমপুর গ্রামে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বেলা সোয়া ১টার দিকে ওষুধ কেনার প্রয়োজনে খালেদা বেগম বাজারে আসেন। নুরজাহান বেকারির সামনে পৌঁছালে ৩০ থেকে ৩২ বছর বয়সী দুই যুবক তাকে একজোড়া বালা দেখিয়ে বিদেশ যাওয়ার কথা বলে সেটি বিক্রি করার জন্য সহযোগিতা চায়। তারা দাবি করে, বালাগুলো বিক্রিতে সহযোগিতা করলে খালেদা বেগমও আর্থিকভাবে লাভবান হবেন। এ সময় সেখানে প্রতারক চক্রের আরও দুই সদস্য উপস্থিত হয়।
একপর্যায়ে প্রতারকরা খালেদা বেগমকে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও আঙুলের আংটির বিনিময়ে এই নকল বালাগুলো নেওয়ার প্রস্তাব দেয়। তাদের পাতা ফাঁদে পা দিয়ে খালেদা বেগম তাদের সাথে জেলা পরিষদ মার্কেটের শৌচাগারের সামনে যান। সেখানে নকল বালা দুটি ধরিয়ে দিয়ে প্রতারক চক্রটি তার দেড়ভরি ওজনের আসল স্বর্ণের চেইন ও আংটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর খালেদা বেগম প্রতারকদের উদ্দেশ্যে বলেন, সোনার দোকানে যান।
ঘটনার সন্ধ্যায় ভুক্তভোগী খালেদা বেগম হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে ঘটনার সিসিটিভি ক্যামেরার দুটি ফুটেজও তিনি দায়িত্বরত ডিউটি অফিসারের কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।