
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই পর্যটন প্রসারের লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই পর্যটন মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এবারের বিটিটিএফ মেলার ১৪তম আসরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার নানা প্রস্তুতি ও পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন আয়োজকেরা। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের বিপুল সাড়া নিয়ে আয়োজিত এবারের মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান।
মেলা প্রাঙ্গণে ২০০টির বেশি বুথ ও স্টল স্থাপন করা হচ্ছে, যেখানে ২২০ জনের বেশি প্রদর্শক এবং ২৫০ জনেরও বেশি সম্ভাব্য বাণিজ্যিক ক্রেতা অংশ নেবেন। চারটিরও বেশি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর প্রদর্শনীতে থাকছে। তিন দিনে মেলায় অন্তত ২ হাজার ৫০০ জন বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত