
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা এলাকার কামারকোনা গ্রামে পানিতে ডুবে হুমাইসা আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত হুমাইসা নরসিংদী সদর উপজেলার বাসিন্দা মো. রকি মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমাইসার বাবা-মা ঢাকায় চাকরি করেন। জন্মের পর থেকেই সে কটিয়াদীর কামারকোনা গ্রামে তার নানার আশ্রয়ে বেড়ে উঠছিল। ঘটনার দিন সকালে হুমাইসার ছোট ফুপু তাকে ঘরের ভেতর নিয়ে যান। পরিবারের সবার অগোচরে এক পর্যায়ে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়।
কিছুক্ষণ পর হুমাইসাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জমিতে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক জানান, শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।