
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দলের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরে এসেছে। প্রোটিয়া ক্রিকেটার এডেন মার্করাম এবার আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, দক্ষিণ আফ্রিকা দলের সক্ষমতা রয়েছে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার। উল্লেখ্য, গতবারের ফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
মার্করাম বলেন, "আমার মতে, আর একবার ফাইনালে উঠতে পারি। গতবার আমাদের ফাইনালে ওঠা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। তাই আরও একটা ফাইনালে ওঠার জন্য এখন দলের মধ্যে আলাদা খিদে তৈরি হয়েছে। কারণ এবার ফাইনালে ওঠার পথ অনেক কঠিন।"
বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের পাঁচটি টেস্ট ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে পারলে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। মার্করাম যোগ করেন, "এবারের গ্রীষ্মকাল দুর্দান্ত হতে চলেছে। কিছু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। ফলে ফাইনালে ওঠার তাগিদও রয়েছে।"
টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি আগামী বছর দেশের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছেন মার্করাম। এখনো পর্যন্ত দেশের মাটিতে বড় কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চান তিনি। তিনি বলেন, "দেশের মাটিতে বিশ্বকাপ আমাদের কাছে বিরাট একটা সুযোগ। বিশেষ কিছু করে দেখাতে চাই ওই প্রতিযোগিতায়।"