
দুই বছর আগে নোভি সাদের ফ্যাকাল্টি অব টেকনিক্যাল সায়েন্সেসে পিএইচডি করার সময় রাজনীতি নিয়ে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তবে ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদের সদ্য সংস্কার করা ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনা সবকিছু বদলে দেয়। এই দুর্ঘটনা ছিল কাঠামোগত দুর্নীতি ও বিচারহীনতার ফল। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলে কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের পরিবর্তে আমাদের ওপর চড়াও হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে।
আমরা বাধ্য হয়ে শ্রেণিকক্ষ ও অনুষদ ভবনে আশ্রয় নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিই। আমাদের দাবি ছিল সুনির্দিষ্ট: রেলওয়ে স্টেশনের সংস্কার সংক্রান্ত নথিপত্র প্রকাশ, কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জবাবদিহি এবং শান্তিপূর্ণ মিছিলে হামলাকারীদের বিচার। কিন্তু রাষ্ট্রযন্ত্র আমাদের ‘ফ্যাসিস্ট’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দেয়। সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের কাল্পনিক অভিযোগ আনা হয়। অনেককে দেশ ছাড়তে হয়, কাউকে মাসের পর মাস কারাগারে থাকতে হয়, এমনকি আমাদের পরিবারকেও হুমকি দেওয়া হয়।
ভয়ভীতি আমাদের সংকল্প আরও দৃঢ় করে। যখন পরিষ্কার হলো যে শাসকগোষ্ঠী নতি স্বীকার করবে না, তখন আমরা নিজেরাই নির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিই। এভাবে জন্ম নেয় ‘স্টুডেন্ট লিস্ট’। আমরা স্বচ্ছতা, সততা এবং যোগ্যতাসম্পন্ন মানুষদের মনোনীত করি। হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে আমরা প্রচার চালিয়েছি, যা সাধারণ মানুষের মনে নতুন আশার জন্ম দেয়।
অবশেষে সরকারের পতন ঘটে এবং সার্বিয়াকে নতুন করে গড়ার প্রক্রিয়া শুরু হয়। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, কৃষক ও বিজ্ঞানী রয়েছেন—যাঁরা নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ। প্রথাগত রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও, তাঁরা সুশাসন ও জনআস্থা অর্জনের বাস্তবতা সম্পর্কে সচেতন।
আমাদের লক্ষ্য স্পষ্ট—আইনের শাসন, স্বচ্ছতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি ভেঙে শতভাগ স্বাধীন প্রসিকিউটর ও স্বচ্ছ সরকারি কেনাকাটা নিশ্চিত করতে চাই। দীর্ঘদিন রাজনৈতিক দলের দাসত্ব করা সরকারি কর্মচারীদের মর্যাদা ফিরিয়ে দেওয়া আমাদের অন্যতম অগ্রাধিকার। এই বিজয়ের মাধ্যমে রাষ্ট্রীয় ভয়ের রাজত্বের অবসান ঘটেছে এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। এই দেশ কোনো অস্পৃশ্য শাসকগোষ্ঠীর সম্পত্তি নয়, বরং এটি আমাদের সবার।