
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোহাম্মদ আমির হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। এর বিপরীতে ইকবাল সোবহান চৌধুরীর আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ের সামনে থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এরপর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সেই সময়ে লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।