
সাভারের বোট ক্লাবে মদ পান, ভাঙচুর ও মারধরের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এর আগে বুধবার একই আদালত মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকা অবস্থায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেদিন পরীমনির আইনজীবী এলার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেছিলেন, তবে বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরদিন বৃহস্পতিবার সকালে পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন, যার শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়। মামলার আরজিতে অভিযোগ করা হয় যে, ২০২১ সালের ৯ জুন রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং মূল্য পরিশোধ না করে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন। একপর্যায়ে বিনা মূল্যে ব্লু লেবেল অ্যালকোহলের বোতল না পেয়ে পরীমনি বাদীকে গালমন্দ করেন এবং সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, এতে নাসির উদ্দিন আঘাতপ্রাপ্ত হন।
মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন তদন্ত শেষে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করেন। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর ২০২৪ সালের ১৮ এপ্রিল আদালত তাদের হাজির হওয়ার সমন জারি করেন এবং ২৫ জুন পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত