
প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বৃহস্পতিবার মোংলা বন্দরে পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে পৌঁছান এবং মাজার জিয়ারত করেন।
মাজার প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম এবং জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এসময় প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মাজার জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারেক রহমান বাগেরহাটে হযরত খান জাহান আলীর মাজারে এলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মোংলায় অবস্থানকালে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফরসূচির অংশ হিসেবে বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)'-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।