
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেন।
সামান্তা শারমিন তার পদত্যাগের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সাথে দলের জোট গঠনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, প্রায় এক বছর আগে থেকেই জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তার মতে, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
গত ১১ মাস ধরে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব এবং আলাপ-আলোচনার মাধ্যমে তিনি তার রাজনৈতিক মতাদর্শ তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান। সামান্তা শারমিন বলেন, দলের ভুল পথ সংশোধনের জন্য তিনি মতাদর্শিক সংগ্রামকে বেছে নিয়েছিলেন, কারণ দলের গৃহীত নীতিসমূহকে স্বীকৃত ফোরামে চ্যালেঞ্জ জানানো ছাড়া গণতান্ত্রিক আর কোনো পথ তার জানা ছিল না। তবে বর্তমানে এনসিপি তার প্রারম্ভিক মূল্যবোধের প্রতি আন্তরিক থাকতে পারছে না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, এনসিপি পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয় ও কর্মসূচি তৈরিতে ব্যর্থ হবে। তার মতে, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার ক্ষেত্রে সহায়ক নয় বরং বাধা হয়ে দাঁড়াবে। পদত্যাগের সময়টি আরও উপযুক্ত হতে পারত বলে স্বীকার করলেও তিনি এই অপেক্ষাকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। এখন তিনি দলের সাথে তার মতপার্থক্য ও আলাপ-আলোচনার বিষয়গুলো দলীয় কাঠামো ও শুভানুধ্যায়ীদের কাছে স্পষ্ট করতে চান।