
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মেলান্দহ উপজেলার বকুলতলার শওকত হাসান লিখন (৪৫)। নিহত শওকত হাসান লিখন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। আহতরা হলেন—শিহাটা এলাকার মৃত লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫) এবং মো. শাকিল মিয়া (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকেও চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পরপরই মোরশেদ আলম ঘটনাস্থলে প্রাণ হারান। তার স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে লিখনের মৃত্যু হয়। পরে অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।