
যেকোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত বিএনপির শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অঙ্গীকার প্রকাশ করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, দেশ স্বাধীনের পর থেকে যে বিশেষ মহলটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, দেশের জনগণ অতীতে তাদের পরাস্ত করেছে। সেই পরাজিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছ।
ঐতিহাসিক এ দিনের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকলকে শপথ নিতে হবে যে যেকোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটিই যেন হয় আজকের দিবসের প্রধান অঙ্গীকার। তিনি আরও যোগ করেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ যত দিন বিদ্যমান থাকবে, এই বিপ্লবের শোভাযাত্রাও তত দিন চলমান থাকবে।
এর আগে দিবসটি স্মরণে দুপুর ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালি শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি অতিক্রম করে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রা শেষে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এই আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
(প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম)