
ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এই অবরোধের কারণে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।