
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে নিরাপদে সরিয়ে নেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।