
সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করেছিল হুথিরা। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিমান প্রতিরক্ষাব্যবস্থা তা দ্রুত শনাক্ত করে আকাশেই সফলভাবে ধ্বংস করে দেয়।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর পূর্বাঞ্চলীয় দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত বা সাইরেন চালু করে। পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ওই এলাকার ওপর হামলার আশঙ্কা কেটে গেছে।
ইয়েমেনে ২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা ও একাধিক প্রদেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট।
সম্প্রতি ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যবর্তী সশস্ত্র লড়াই আরও জোরদার হয়েছে। ইরান-সমর্থিত বিদ্রোহী দলটি এর আগেও একাধিকবার সৌদি আরবের বিমান চলাচল-সংশ্লিষ্ট ক্ষেত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ (ড্রোন) দিয়ে আক্রমণ চালিয়েছে।