
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় দুর্বৃত্তরা একটি স্কুলবাসে আগুন দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।