
ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের খবরের বিষয়ে কোনো বক্তব্য দেননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মন্তব্য করা থেকে বিরত থাকেন।
মূলত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে কথা বলতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের ব্রিফিং মূলত কপ-৩১ সম্মেলন কেন্দ্রিক, তাই শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথমবারের মতো একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ করেছেন শেখ হাসিনা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।