
লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। ওই চিঠিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে চিঠিটি আদৌ শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত নয় হাইকমিশন। কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানিয়েছে, চিঠিতে শেখ হাসিনার সম্মতির কোনো প্রমাণ নেই। বিষয়টি ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য অনুরোধ করেছেন। দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে, তারা তাদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছেন।
এদিকে, আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি ভারতের প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।