
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এক নতুন যাত্রার সূচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং এর মধ্য দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।