
শরীরে তিল থাকাটা অত্যন্ত সাধারণ একটি বিষয়। অনেক শিশু জন্মের সময় এক বা একাধিক তিল নিয়ে পৃথিবীতে আসে, আবার কারও কারও জন্মের সময় কোনো তিল থাকে না। শৈশব ও কৈশোরে তিলের সংখ্যা বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে জীবনের পরবর্তী ধাপেও নতুন তিল দেখা দেওয়া অস্বাভাবিক নয়। আবার বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় তিলের রং মলিন হয়ে যায় বা কিছু তিল শরীর থেকে উধাও হয়ে যেতে পারে। নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় বিদ্যমান তিলগুলো গাঢ় হওয়ার প্রবণতা দেখা দেয়, যা সম্পূর্ণ স্বাভাবিক।
বয়স বাড়ার সঙ্গে কেন তিলের সংখ্যা বাড়ে, তার সঠিক কারণ এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তবে সূর্যরশ্মির সংস্পর্শে থাকা, বয়স এবং জিনগত কারণ তিল বাড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। বংশগতভাবে বাবা-মায়ের শরীরে বেশি তিল থাকলে সন্তানদের ক্ষেত্রেও এমনটি হওয়ার সম্ভাবনা থাকে। অধিকাংশ ক্ষেত্রে কেবল তিলের সংখ্যা বাড়লে ভয়ের কিছু নেই। যদি কারো এটি সৌন্দর্যহানিকর মনে হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তা অপসারণ করা সম্ভব। তিল ত্বকের সমতলে বা কিছুটা উঁচু হতে পারে এবং এর ওপর থেকে চুল গজালেও ভয়ের কিছু নেই। তিল অপসারণ চিকিৎসাবিজ্ঞানের চোখে কোনো আবশ্যক বিষয় নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনার বিষয়।
তবে নতুন কিংবা পুরোনো যেকোনো তিলের ক্ষেত্রেই কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখা প্রয়োজন, যা কখনো কখনো ক্যানসারের উপসর্গ হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ভয়ের কারণ হতে পারে যদি তিলের প্রান্ত বা বর্ডার এবড়োখেবড়ো হয়, আগে থেকে থাকা তিলের আকার-আকৃতি বদলে যায়, আগে থেকে থাকা কোনো তিলের রং পুরোপুরি বদলে যায়, একটি তিলে একাধিক রং থাকে, তিলে ব্যথা বা চুলকানি হয়, তিল থেকে রক্তক্ষরণ হয়, তিলের জায়গা ফুলে লালচে হয়ে যায়, তিলের জায়গাটার চামড়া উঠে গিয়ে ক্ষত তৈরি হয় অথবা কয়েক সপ্তাহেও সারে না এমন কোনো অস্বাভাবিক দাগ দেখা দেয়।
এ ধরনের উপসর্গ দেখলেই ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে চিকিৎসক ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে রোগ নির্ণয় করবেন। সমস্যা যেটাই হোক, দ্রুততম সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে সহজেই সেরে যায়।