
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় অন্তত ৪৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। আগুনের কারণে সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির ক্ষতির শিকার হওয়া এসব শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ধোঁয়ায় আটকা পড়া শিক্ষার্থীদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। এদের মধ্যে ইউসুফ ও খাইরুলের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মোট ৪৮ জন শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।