
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নীতিমালায় শিক্ষার্থী ভর্তির বয়সসীমা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে অবশ্যই ৬ বছর বা তার বেশি এবং ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ, শিক্ষার্থীর জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা রাখা হয়েছে। এছাড়া শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি আবশ্যিক করা হয়েছে এবং লটারির সময় সমসংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষার পূর্ণমান ৫০ (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০; সময় ১ ঘণ্টা) এবং চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ (বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০; সময় ২ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে।
ভর্তি ফরমের মূল্য ও ফি নিয়ে নীতিমালায় কঠোর নির্দেশনা রয়েছে। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য অন্তত ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) নির্ধারণ করা হয়েছে।
কোটা সংরক্ষণের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।