
আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধর্মঘটের ফলে সারা দেশে পরিবহন ব্যবস্থাসহ জনসেবামূলক কাজে বড় ধরনের বিঘ্ন ঘটে। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বার্সেলোনায় এই সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। বড় শ্রমিক ইউনিয়ন ইউজিটি-এর প্রধান পেপে আলভারেজ এবং সিসি ওও ইউনিয়নের প্রধান উনাই সোরদো ধর্মঘটে ব্যাপক জনঅংশগ্রহণকে সফল হিসেবে অভিহিত করেছেন। মাদ্রিদের এক বিক্ষোভকারী জানান, বৃষ্টির মধ্যেও মানুষ রাস্তায় নেমে এসেছে এবং পুরো শহরকে অচল করে দিয়েছে। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো জানান, বর্তমান মজুরির তুলনায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
বিক্ষোভের এক পর্যায়ে বার্সেলোনার কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে মুখোশধারীদের সংঘর্ষ বাধে। দাঙ্গা প্রতিরোধী সরঞ্জাম সজ্জিত পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শহরের ঐতিহাসিক প্লাজা দে কাতালুনিয়া ও পাসেই দে গ্রাসিয়া এলাকায় বিক্ষোভকারীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন দোকানের জানালা ভাঙচুর করে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়ে এবং অ্যাপল স্টোরসহ বিভিন্ন দোকানে লুটপাটের চেষ্টা চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
আবাসন সংস্থাগুলোর কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে। আবাসন সংকটের মূল কারণ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। আইডিয়ালিস্তার তথ্যমতে, মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের মাসিক গড় ভাড়া ১ হাজার ১৭০ ইউরো, যেখানে স্পেনের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ ভাড়ার পেছনেই আয়ের প্রায় অর্ধেক খরচ হয়ে যাচ্ছে। ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামে এক বৃদ্ধাকে তার সাত দশকের আবাসস্থল থেকে উচ্ছেদ এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাটি এই বিক্ষোভের স্খুলিং হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
রাজনীতিতে এই ধর্মঘট নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, পেনশন, স্বাস্থ্যসেবা ও কর্মদিবসের অধিকার সম্মিলিত আন্দোলনের ফসল। অন্যদিকে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো ধর্মঘটকে অর্থহীন বলে সমালোচনা করেছেন এবং একে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।