
দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার আধুনিক সুবিধা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যানসার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও প্রসারের লক্ষ্যে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপন করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তি এক বৈপ্লবিক পরিবর্তন আনছে। ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক করতে জাতীয় পর্যায়ে এই ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যানসার ইনস্টিটিউটগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া এবং দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির কার্যক্রমও চলমান রয়েছে।
অনুষ্ঠানে স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ড. এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বহু নারী স্তন ক্যানসারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই চিকিৎসার জন্য অনেক দেরিতে চিকিৎসকের কাছে আসেন, যা চিকিৎসা পদ্ধতিকে জটিল করে তোলে এবং ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
তিনি আরও বলেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। স্তন ক্যানসার যদি একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়, তবে মৃত্যুঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। এতে রোগীরা দীর্ঘসময় সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট বয়সী নারীদের জন্য পরিকল্পিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। তাঁর মতে, নিয়মিত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা গেলে রোগের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা সহজ হবে।