
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে তা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো ব্যক্তিগত পরিচয় বিবেচনা না করেই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী ডিলারদের ডিলারশিপ বাতিলসহ তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোরে পূর্ণাঙ্গরূপে করোনারি কেয়ার ইউনিট চালু হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারি পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা পেতে পারেন, সেজন্য যশোর জেনারেল হাসপাতালে একটি কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।