
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি মন্তব্য করেন।
রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মাদক নির্মূলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং বা কাঁটাতারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধ লব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।
বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি উন্নত দেশের মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন যে, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব এবং এটি কোনো একক বাহিনীর কাজ নয়, বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিতকরণ এবং কার্যকর নজরদারি ও অভিযান পরিচালনার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং কমিটির সদস্য হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।