
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে কলোনির পশ্চিম পাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের বাসিন্দা এবং টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। অগ্নিনির্বাপক বাহিনীর প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।