
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহত দুই যাত্রী হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। তাদের মধ্যে মুকুল কালু মিয়ার ছেলে এবং শাকিব লোকমান বসুনিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুকুল ও শাকিব কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষ করে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। একই এলাকার আরও চারজন যাত্রী ওই বাসে ছিলেন। পথে বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। বাসটি তারাগঞ্জে পৌঁছালে স্টাফরা আতিক নামের এক যাত্রীকে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়।
আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব পুনরায় বাসে উঠলে স্টাফদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও তর্ক হয়। এক পর্যায়ে বাসের স্টাফরা লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। শাকিবকে গুরুতর অবস্থায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন যে ওই দুজনকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে। ইউএনও মোনাব্বর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।