
কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে বলে জাতীয় সংসদে আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন। একই সঙ্গে নিজের, পরিবারের সদস্য এবং জুলাই গণ–অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। তবে নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে তিনি কোনো চূড়ান্ত বক্তব্য দেননি এবং নুসরাতের ব্যবহৃত ‘প্রভাবিত’ শব্দটি সংসদীয় কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ (ছাঁটাই) করার অনুরোধ জানিয়েছেন।
সংসদে দেওয়া বক্তব্যে ক্ষোভ ও কষ্ট প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মূলত দুইবার আঘাত পেয়েছেন। প্রথমবার নিজের বাড়িঘর পুড়ে যেতে দেখে এবং দ্বিতীয়বার জাতীয় সংসদে সহকর্মীদের এই নাশকতাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা দেখে। তিনি অভিযোগ তোলেন, তাঁর গ্রামের বাড়িটিকে বারবার ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে একযোগে সারা বাড়িতে আগুন জ্বলে ওঠে এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে মানুষ, নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছেন। সেই মুহূর্তেও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বের বক্তব্যের দিকে ইঙ্গিত করে নুসরাত বলেন, স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে ‘পরিত্যক্ত’ বা ‘শর্টসার্কিট’ মন্তব্য এলে তদন্তকারী কর্মকর্তাদের ওপর কর্তাব্যক্তিকে খুশি করার মতো প্রতিবেদন তৈরির আশঙ্কা থাকে। নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করে তিনি প্রশ্ন রাখেন, ঘটনার পর সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করে দায় স্বীকার করার পরও তাদের দায়মুক্তি দেওয়া কতটা যুক্তিযুক্ত। তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে একই কায়দায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য উল্লেখ করে নুসরাত আফসোস প্রকাশ করেন এবং দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রকাশ্য হুমকি দিয়ে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখে ছিল তাদের টার্গেট করা হচ্ছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় তিনি কলাবাগান থানায় একটি জিডিও করেছেন।
নুসরাতের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সংসদে দেওয়া তাঁর বক্তব্যটি ছিল প্রাথমিক তদন্তের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত তথ্যবহুল তথ্য উপস্থাপন। তিনি সেখানে চূড়ান্ত কিছু বলেননি। প্রাথমিক প্রতিবেদনে বোমার কোনো আলামত না পাওয়ায় পুরোনো ওয়্যারিংয়ের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলা হয়েছিল। ঘটনাটি নাশকতামূলক কি না, তা অধিকতর তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে এবং এ সংক্রান্ত তদন্ত কমিটি আগামীকাল সোমবার তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যেকোনো সংসদ সদস্যের জানমাল বা তাদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং সরকার তা কঠোরভাবে দেখবে। সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি পরবর্তীতে দেখেছেন এক নারী শিশু কোলে নিয়ে বের হচ্ছেন। তবে নুসরাতের বক্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের উদ্দেশ্যে বলেন, এ ধরনের বক্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে না, তাই ‘প্রভাবিত’ শব্দটি এক্সপাঞ্জ করা সমীচীন হবে।
পরবর্তী সময়ে স্পিকার হাফিজউদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। স্পিকার রুলিং দিয়ে বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’ বলা অসংসদীয় কোনো বক্তব্য নয়; একজন ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত ব্যক্তির মনে এমন আশঙ্কা থাকা স্বাভাবিক।
এদিকে আলোচনার একপর্যায়ে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে থাকা জমি দখলের মামলার বিষয়টি সামনে আনার চেষ্টা করেন। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দিয়ে বলেন, এই ঘটনার এক পক্ষে নুসরাত তাবাসসুম এবং অন্য পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ফলে কোনো সংসদ সদস্যকে জড়িয়ে তৃতীয় কোনো পক্ষের এখানে কথা বলা সমীচীন নয়। মামলার সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার জন্য তিনি ফারুককে পরামর্শ দেন।
আগামীকাল কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে বলে তিনি জানান।.১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।