
রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন প্রজন্মের আগ্রহ প্রকাশকে স্বাগত জানিয়ে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই পরমর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সংসদ অধিবেশনের বিরতিকালে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনটি ভিন্ন দল বা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এর মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী এবং তাঁদের ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে যুক্ত ছিলেন।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের জীবন গঠনে তিনটি বিশেষ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে নিজ নিজ ঘর, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ রক্ষায় বর্ষাকালে নিজের বা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে চারা গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে এসে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠান শেষে উত্তর প্লাজায় এক ফটোসেশনে অংশ নেন আমন্ত্রিত শিক্ষার্থীরা।
এ সময় অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।