
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, গণমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করেছে এবং গণহত্যার মতো অপরাধ করে পালিয়ে গেছে, তাদের কর্মকাণ্ডের সংবাদ প্রচার করা হলে জনগণ তা ভালোভাবে গ্রহণ করবে না। তিনি গণমাধ্যমকে ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
সরকারের অবস্থান স্পষ্ট করে ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী। তিনি দাবি করেন, সরকার কখনোই কোনো সংবাদ প্রচারের জন্য চাপ প্রয়োগ করেনি এবং কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য গণমাধ্যমকে চাপ দেয়নি।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। বর্তমান সরকার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না। এছাড়া, সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং এই প্রক্রিয়ায় অনলাইন মিডিয়া যে ভূমিকা পালন করেছে, তা সবসময় প্রত্যাশা করে সরকার।