
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার ওপর সভায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া বিজয় দিবস ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, জরুরি সেবা নিশ্চিত করতে স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।