
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) জায়গা পাওয়ার যে স্বপ্ন আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে লালন করছিল, তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভার প্রাক্কালে এটি স্পষ্ট হয়েছে যে, ২০৩১ সাল পর্যন্ত অর্থাৎ ২০২৭-২৯ এবং ২০২৯-৩১, এই পরবর্তী দুটি চক্রেও আগের মতো ৯টি দল নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
আইসিসির পূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্তের ফলে আগামী অন্তত পাঁচ বছর লাল বলের এই বৈশ্বিক আসরের বাইরেই থাকতে হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে। এর আগে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের নেতৃত্বাধীন আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়ে এক ডিভিশনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের জোরালো সুপারিশ করেছিল। গত এক বছরে এই প্রস্তাবটি বেশ সমর্থনও পেয়েছিল। তবে বাণিজ্যিক লাভ-ক্ষতি এবং দ্বিপাক্ষিক সিরিজের জটিলতার কারণে আইসিসি আপাতত বর্তমান কাঠামোতেই অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে। বড় বোর্ডগুলোর মধ্যে শঙ্কা রয়েছে যে, নতুন দল যুক্ত হলে বাণিজ্যিক মূল্য আদৌ বাড়বে কি না, কারণ ফাইনাল ম্যাচটি আইসিসি আয়োজন করলেও পুরো চক্রের সূচি ও আয়োজন সদস্য দেশগুলোকেই দ্বিপাক্ষিকভাবে সামলাতে হয়।
শনিবার বালিতে প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক হয়। চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড তাদের বঞ্চনার কথা আবেগঘন কণ্ঠে তুলে ধরে। তাদের যুক্তি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে না পারায় তাদের লাল বলের ক্রিকেটের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া রেলিগেশন বা প্রমোশন পদ্ধতি না থাকায় সেরা নয় দলের ভেতরে ঢোকার কোনো সুযোগই তারা পাচ্ছে না।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত