
ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় বালু ব্যবসা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত রোববার সন্ধ্যায় প্রথম হামলায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান (৩৫) নিহত হন। এর পরপরই অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং গভীর রাতে পিটুনিতে নিহত হন যুবলীগ কর্মী সওদাগর মেহেদী হাসান (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুরুজ জামান মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে পৌঁছালে তাঁর ওপর অস্ত্রধারী হামলাকারীরা আক্রমণ চালায়। ছোট মেয়ের সামনেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও তিনি প্রাণ হারান। ঘটনার পেছনে একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং তাঁর বড় ভাই ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলমের জড়িত থাকার অভিযোগ তোলে সুরুজের পরিবার।
সুরুজ জামানের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। অগ্নিকাণ্ডে মেহেদীদের একটি একতলা পাকা ভবন ও পাশের একটি টিনশেডের আধা পাকা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভেতর পোড়া আসবাব, একটি মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীরা জানান, এমন সহিংস পরিস্থিতি এলাকায় আগে কখনো দেখা যায়নি। পোড়া বাড়ি দেখতে আসা অন্তত ১০ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এছাড়া দুপুর ১২টা ২৫ মিনিটে সেখানে গিয়ে দেখা যায়, মেহেদীদের বাড়িতে মানুষের ভিড় থাকলেও পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ স্বজনদের কাউকে চোখে পড়েনি।
প্রথম ঘটনার কিছু ঘণ্টার মধ্যেই গভীর রাতে অভিযুক্ত মেহেদী হাসানকে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে।
তবে সুরুজ জামানের মরদেহ দাফন করা হলেও সোমবার বিকেল সোয়া ছয়টা পর্যন্ত হাসপাতালে মেহেদী হাসানের লাশ নিতে বা দেখতে তাঁর কোনো স্বজন মর্গে আসেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অনেক মানুষকে ভিড় করতে দেখা যায়, তবে মেহেদীর স্বজন পরিচয়ে কেউ এগিয়ে আসেনি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিটুনিতে নিহত হওয়ার আগে মেহেদীকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছিল। হেফাজতে নেওয়ার আগেই এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা না এলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। হামলা হওয়া মজিদ মার্কেটসংলগ্ন সড়কের দুটি দোকান বন্ধ থাকতে দেখা যায় এবং সড়কে পড়ে থাকা রক্তের দাগ দেখে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে একটি লাশবাহী গাড়ি রাখা। সুরুজের মরদেহ হাসপাতাল মর্গ থেকে বাড়িতে নেওয়া হলে কান্না ও বিলাপে ভেঙে পড়েন স্বজনেরা। সুরুজের স্ত্রী আঁখি আক্তার দুই সন্তানকে জড়িয়ে ধরে স্বামীর হত্যকারীদের কঠোর শাস্তির দাবি জানান।
পরে বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে সুরুজ জামানের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। জানাজার পূর্বে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম উপস্থিত জনতাকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানান।
জোড়া খুনের কারণ ব্যাখ্যা করে নিহত সুরুজের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, সুরুজ ও জাহাঙ্গীর সম্পর্কে একই গোষ্ঠীর চাচাতো ভাই ছিলেন এবং পূর্বে একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে গেলেও সুরুজ একাই ব্যবসা চালিয়ে আসছিলেন। ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বে কিছুদিন আগে ঝগড়া হলে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছিল। কিন্তু সেই বিরোধের জের ধরেই সুরুজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দুটি ঘটনার পেছনেই বালু ব্যবসা সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বা পারিবারিক কোন্দলের তথ্য পাওয়া গেছে। এতে কোনো রাজনৈতিক দ্বন্দ্বের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা-পুলিশ ও অন্য সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। সোমবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক মামলা না হলেও ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সড়কের মাটিতে পড়ে থাকা রক্তের দাগ দেখছিলেন স্থানীয় বাসিন্দারা, যাঁদের চোখেমুখে কৌতূহলের পাশাপাশি ছিল আতঙ্কের ছাপ।ঘটনাস্থল থেকে সুরুজ জামানের বাড়ির দূরত্ব প্রায় ৩০০ গজ।
আমার দুইডা সন্তানেরে এতিম কইরা ফালাইছে গো।’.সুরুজের বাড়ি থেকে ২০০ গজ দূরেই মেহেদীর বাড়ি।