
আদিবাসী সমাজের অবিসংবাদিত নেতা ও বীর সেনানায়ক ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী এবং ‘জনজাতীয় গৌরব দিবস’ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ভদ্রা পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়ায় অবস্থিত সহকারী হাইকমিশন অব ইন্ডিয়া কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঈশাদ আলী ঈশা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিএসবি) মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আদিবাসী সমাজের অবিসংবাদিত নেতা ও বীর সেনানায়ক ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী ও ‘জনজাতীয় গৌরব দিবস’ (Janjatiya Gaurav Diwas)। ভগবান বীরসা মুন্ডার বর্ণাঢ্য ইতিহাস ও সংগ্রামী জীবন নিয়ে আলোকপাত করা হয়। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণকারী বীরসা মুন্ডা ব্রিটিশ শাসনামলে আদিবাসী অধিকার, ভূমির অধিকার ও ঐতিহ্য রক্ষায় ঐতিহাসিক 'উলগুলান' বা মহাবিদ্রোহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া আদিবাসী সমাজে সামাজিক সংস্কার, ঐক্য ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সভাপতির বক্তব্যে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভগবান বীরসা মুন্ডা কেবল আদিবাসী সমাজের নন, বরং সমগ্র উপমহাদেশের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের এক চিরন্তন প্রতীক। তার 'উলগুলান' আন্দোলন ও সামাজিক সংস্কারের আদর্শ আজও ন্যায়বিচার ও সমতার পথে চলতে অনুপ্রাণিত করে।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঈশাদ আলী ঈশা বলেন, বীরসা মুন্ডা তার স্বল্পায়ু জীবনে ভূমির অধিকার ও মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম করে গেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে তার জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত