
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকেরা দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকালে শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, তবে এক জায়গায় ছত্রভঙ্গ হওয়ার পর শ্রমিকেরা পুনরায় অন্য জায়গায় গিয়ে অবরোধ তৈরি করেন। শ্রমিকেরা এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিক অসন্তোষের কারণে গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।