
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে শ্রমিকেরা যথারীতি কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে নিজেদের হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে সকাল ৯টার কিছু সময় পর থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে এসে রাস্তায় বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা প্রথম বেরিয়ে আসেন। এরপর তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক ধরে মিছিল নিয়ে আশপাশের কারখানাগুলোর মূল ফটকে অবস্থান নেন এবং ভেতরে থাকা শ্রমিকদের বাইরে বেরিয়ে আসার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
একইভাবে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরাও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের সঙ্গে অনেক বহিরাগত চলে এসেছেন। এছাড়া মজুরি বোর্ডের সিদ্ধান্ত কখন আসবে, তা নিয়েও পোশাক শ্রমিকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশকিছু কারখানার মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। পরে কিছু কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে সাভার ও আশুলিয়ার প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।