
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে ৫০টি উচ্চমাত্রার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ও বিশেষ আভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক পাওয়া যায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান রোধে সিলেট সেক্টরজুড়ে বিজিবির টহল কার্যক্রম দিনে ও রাতে আরও জোরদার করা হয়েছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত